পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ের রেশ কাটতে না কাটতেই নতুন ক্রিকেট সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারের লড়াই ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে। আজ সোমবার ১৬ মার্চ কিউইদের বাংলাদেশ সফরের এই পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ১৩ এপ্রিল নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল ঢাকায় এসে পৌঁছাবে। আসন্ন এই দ্বিপাক্ষিক সিরিজে দুই দেশ তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে। বিশেষ করে ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি ফরম্যাটে ফিরতে যাওয়া টাইগারদের জন্য এই সিরিজটি অত্যন্ত গুরুত্ব বহন করছে।
বিসিবির ঘোষিত সূচি অনুযায়ী ১৩ এপ্রিল বাংলাদেশে পৌঁছানোর পর ১৬ এপ্রিল পর্যন্ত অনুশীলনের সুযোগ পাবে নিউজিল্যান্ড দল। সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৭ এপ্রিল মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। একই ভেন্যুতে ২০ এপ্রিল মাঠে গড়াবে দ্বিতীয় ওয়ানডে। এরপর দুই দল চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে।
সাগরিকায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৩ এপ্রিল সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই দুপুর ২টা থেকে শুরু হবে।সীমিত ওভারের ওয়ানডে লড়াই শেষে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। এই ফরম্যাটের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৭ এপ্রিল চট্টগ্রামে। একই ভেন্যুতে ২৯ এপ্রিল সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে।
এরপর দুই দল আবারও রাজধানীতে ফিরবে। ২ মে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে এই সফরের সমাপ্তি ঘটবে। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো ফ্লাডলাইটের আলোয় সন্ধ্যা ৬টা থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। উল্লেখ্য যে বিশ্বকাপ বর্জনের দীর্ঘ বিরতির পর এই সিরিজের মাধ্যমেই বাংলাদেশ দল পুনরায় আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে মাঠে ফিরছে।